ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। প্রণালিটি ব্যবহার করে নিজেদের যুদ্ধজাহাজ পার হওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র, তবে তা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইরান।

মার্কিন এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই একটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তাদের দাবি, এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল বাণিজ্যিক জাহাজগুলোকে বার্তা দেওয়া—প্রণালিটি ব্যবহার করা এখনো সম্ভব এবং নিরাপদ।

ওই কর্মকর্তা আরও বলেন, জাহাজটি উপসাগরের পূর্ব দিক থেকে যাত্রা করে পশ্চিম দিকে অগ্রসর হয়ে হরমুজ পেরিয়ে আরব সাগরে প্রবেশ করেছে।

তবে ইরান এ দাবিকে সরাসরি নাকচ করেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো জাহাজই হরমুজ প্রণালি দিয়ে অতিক্রম করেনি। একই সঙ্গে তারা ইঙ্গিত দিয়েছে, এ ধরনের পদক্ষেপ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।

মার্কিন পক্ষের অভিযোগ, তাদের জাহাজ চলাচলকে কেন্দ্র করে ইরান হামলার হুমকিও দিয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি তেহরান।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দাবি করেছেন, আন্তর্জাতিক স্বার্থে হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে বাস্তবে এই গুরুত্বপূর্ণ নৌপথটির নিয়ন্ত্রণ এখনো ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের হাতে রয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা শুরুর প্রেক্ষাপটে এই পাল্টাপাল্টি দাবি নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে এ ধরনের অবস্থান বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »