
বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সফরসূচি। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, যেখানে দিল্লিতে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকরের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন।
দুই দিনের এই দ্বিপাক্ষিক সফর শেষে এক ভিন্নধর্মী কূটনৈতিক মুহূর্তের সৃষ্টি হতে যাচ্ছে। জানা গেছে, দিল্লি সফর শেষে একই বিমানে করে মরিশাসে রওনা হবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। আগামী ৯ এপ্রিল সকালে এয়ার মরিশাসের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রায় সাত থেকে আট ঘণ্টার এই যাত্রায় তাদের একান্ত আলোচনার সুযোগ তৈরি হবে, যা কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময় পর্যন্ত ঢাকা-দিল্লি সম্পর্কের মধ্যে যে কিছুটা দূরত্ব ও অস্বস্তি লক্ষ্য করা গিয়েছিল, সেই প্রেক্ষাপটে এই যৌথ সফর একটি ইতিবাচক বার্তা বহন করছে। দুই দেশই পারস্পরিক সম্পর্ক পুনর্মূল্যায়ন ও নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেই ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, ৭ এপ্রিল দিল্লিতে পৌঁছে নির্ধারিত বৈঠকগুলো সম্পন্ন করবেন ড. খলিলুর রহমান। এরপর ৯ এপ্রিল সকালে তিনি সরাসরি মরিশাসের উদ্দেশে যাত্রা করবেন, যেখানে অনুষ্ঠিতব্য নবম ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লিভিত্তিক থিংকট্যাঙ্ক ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’। এতে অংশ নিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকরসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। উল্লেখযোগ্যভাবে, ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আরএসএস ও বিজেপি সংশ্লিষ্ট নেতা রাম মাধব। কূটনৈতিক মহল মনে করছে, দিল্লির আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি মরিশাস সফরেও দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একাধিক অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।
(ছবি সংগৃহীত)