(জাতীয় সংসদে বক্তব্য রাখছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পুরোনো ছবি)

ওয়ার্ল্ডনিউজবিডি২৪ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিজের অভিজ্ঞতা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দলীয় মনোনয়ন না পাওয়াই তাকে সারাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন কাছ থেকে উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

রুমিন ফারহানা তার বক্তব্যে উল্লেখ করেন, দলীয় সীমার বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ফলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অসংখ্য মানুষের সমর্থন ও দোয়া পেয়েছেন তিনি। তার মতে, দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করলে এই ব্যাপক জনসমর্থন অনুধাবন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, প্রতিকূল পরিস্থিতি ও বিভিন্ন চাপের মধ্যেও যারা তার পাশে থেকেছেন, সেই নেতাকর্মীদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞ। ভয়-ভীতি উপেক্ষা করে তারা তার জন্য কাজ করেছেন এবং সমর্থন দিয়ে গেছেন।

বক্তব্যের এক পর্যায়ে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় রাষ্ট্রপতিকে অধিকাংশ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়, যা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ বিষয়ে কার্যকর পরিবর্তন আসবে।

এছাড়া, বিএনপির ঘোষিত ‘ভিশন ২০৩০’ ও ‘৩১ দফা’র প্রসঙ্গ টেনে তিনি জানান, দলটি ক্ষমতার ভারসাম্য আনার বিষয়ে স্পষ্ট প্রস্তাব রেখেছে। তবে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, এবারও রাষ্ট্রপতি মন্ত্রিসভার নির্ধারিত বক্তব্যের বাইরে যেতে পারেননি।

বক্তব্যের শুরুতে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার রাজনৈতিক পথচলার কথা স্মরণ করেন। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তার অনুপস্থিতি দেশের রাজনীতিতে একটি অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »