
(ছবি- সংগৃহীত)
শিক্ষা খাতের পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগিরই এ সংক্রান্ত একটি স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) জারি করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট বৈঠকে পরিবহন খাতের সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনার সময় তিনি এ তথ্য জানান। ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষার বিষয়টি মাথায় রেখে সরকার ধাপে ধাপে পরিবহন খাতে সংস্কার আনছে। এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরিবহন খাতে জ্বালানিনির্ভরতা কমাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। সেই লক্ষ্য বাস্তবায়নে ইলেকট্রিক যানবাহন ব্যবহারে উৎসাহ দিতে বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। আসন্ন বাজেটে ইভি খাত নিয়ে আরও কিছু নীতিগত পরিবর্তন আনার কথাও উল্লেখ করেন তিনি।
গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাজেট পর্যন্ত অপেক্ষা করা হবে না জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, দ্রুতই প্রয়োজনীয় এসআরও জারি করে শুল্ক অব্যাহতির সুবিধা কার্যকর করা হবে।