
স্পোর্টস ডেস্ক:
ফুটবলের দেশ হিসেবে পরিচিত ব্রাজিল এবার ক্রিকেটেও নিজেদের জানান দিচ্ছে জোরালোভাবে। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দেশটির নারী ক্রিকেটার লরা কারদোসো, যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে গড়েছেন এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড।
বৃহস্পতিবার কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে ম্যাচে একাই ৯টি উইকেট তুলে নিয়ে ইতিহাস সৃষ্টি করেন লরা। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে—পুরুষ ও নারী মিলিয়ে—এক ইনিংসে এত উইকেট নেওয়ার নজির এর আগে দেখা যায়নি।
মাত্র ৩ ওভার বল করে ৪ রান দিয়ে ৯ উইকেট শিকার করেন তিনি। তার বিধ্বংসী বোলিংয়ে লেসোথো কার্যত দাঁড়াতেই পারেনি।

এর আগে ব্যাটিংয়ে নেমে ব্রাজিল তোলে ২০২ রানের বড় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে লেসোথো ৬.২ ওভারেই মাত্র ১৩ রানে অলআউট হয়ে যায়। ফলে ১৮৯ রানের বিশাল জয় পায় ব্রাজিল।
লরার এই দুর্দান্ত স্পেলের শুরুটা ছিল আরও নাটকীয়। নিজের দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক করেন তিনি। পরে চতুর্থ ওভারে নেন আরও চারটি উইকেট এবং শেষ দিকে যোগ করেন আরও দুটি শিকার।
এই টুর্নামেন্টে ব্রাজিল ছাড়াও অংশ নিচ্ছে বতসোয়ানা, লেসোথো, মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিকের নারী দল।
ফুটবলের বাইরেও যে ব্রাজিল নতুন করে নিজেদের পরিচয় তৈরি করতে পারে—লরা কারদোসোর এই পারফরম্যান্স যেন তারই এক শক্ত বার্তা।

