
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদেহ ছবি: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট
অনলাইন ডেস্ক:
লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর অবস্থান জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ স্পষ্ট ভাষায় বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ কিংবা যুদ্ধবিরতি—দুটি পথের মধ্যে একটি বেছে নিতে হবে।
বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির শর্তের গুরুতর লঙ্ঘন। তার দাবি, যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত ছিল, যা উপেক্ষা করা হচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার ইসরায়েলি হামলায় তিন শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। একই দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। এই সমঝোতায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখে পাকিস্তান, যারা বলছে—লেবাননও এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই দাবি অস্বীকার করে জানায়, লেবানন ওই চুক্তির আওতায় পড়ে না। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ অনুষ্ঠানে খাতিবজাদেহ বলেন, “একই সঙ্গে কেক রেখে আবার খাওয়া যায় না”—অর্থাৎ, যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির কথা বলবে, অন্যদিকে হামলা চলতে দেবে—এটি গ্রহণযোগ্য নয়।
এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে নতুন করে আলোচনা শুরুর কথা রয়েছে। তবে লেবাননে চলমান হামলা এই সংলাপের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: বিবিসি।
