
কণ্ঠশিল্পী কনকচাঁপা | ছবি : সংগৃহীত
অনলাইন ডেস্ক | ওয়ার্ল্ডনিউজবিডি২৪
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরম নিতে গেলে উপস্থিত কিছু নারী নেত্রী তার দলীয় ভূমিকা ও রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তারা জানতে চান, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে তার উপস্থিতি কোথায় ছিল এবং দলের জন্য তার অবদান কী।
এ সময় বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন রনি প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে বলেন, যারা বছরের পর বছর রাজপথে আন্দোলন করেছে, মামলা-হামলার শিকার হয়েছে—তাদের মূল্যায়ন না করে নতুনদের অগ্রাধিকার দেওয়া হলে ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়। তিনি প্রশ্ন তোলেন, কনকচাঁপা কতটা রাজনৈতিক সংগ্রামে সক্রিয় ছিলেন।
ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে। শেষ পর্যন্ত কনকচাঁপা মনোনয়ন ফরম সংগ্রহ করতে সক্ষম হন।

এদিন মনোনয়ন ফরম নিতে আরও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন-সহ সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন আগ্রহী প্রার্থী।
উল্লেখ্য, শুক্রবার (১০ এপ্রিল) থেকে বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের প্রক্রিয়ায় আন্দোলনে সক্রিয় ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন কনকচাঁপা। বর্তমান পরিস্থিতিতে তার মনোনয়ন ঘিরে দলীয় ভেতরে আলোচনা ও বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।
