
ছবি- সংগৃহীত
অনলাইন ডেস্ক:
বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতকে আন্তর্জাতিক পরিসরে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী ‘বিটিকেজি এক্সপো ২০২৬’। দেশের দ্রুত বর্ধনশীল এই শিল্পের জন্য আয়োজনটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চার দিনব্যাপী এই প্রদর্শনী আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে। যৌথভাবে এ আয়োজন করছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কো. লিমিটেড।
আয়োজকদের তথ্যমতে, বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে এক হাজারের বেশি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশসহ কানাডা, চীন, ভারত, জাপান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন শিল্পোন্নত ও উদীয়মান অর্থনীতির দেশ।

প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই আয়োজনের জন্য থাকছে ১,২০০টিরও বেশি প্রদর্শনী বুথ, যা সাজানো হবে আটটি পৃথক হলে। এর মাধ্যমে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি এবং উদ্ভাবনী সমাধান তুলে ধরা হবে।
বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাত দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সাম্প্রতিক অর্থবছরে এ খাত থেকে প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে, যা দেশের মোট রপ্তানির বড় অংশ। একই সঙ্গে জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি এই খাতে কর্মসংস্থান হয়েছে লাখো মানুষের।
এই বাস্তবতায় ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ স্থানীয় উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক প্রযুক্তি ও বাজার প্রবণতা সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি করবে। বিশেষজ্ঞদের মতে, বিদেশি নির্মাতা ও প্রযুক্তি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার পথ আরও সুগম হবে।

প্রদর্শনীতে টেক্সটাইল মেশিনারি, ডাই ও কেমিক্যালস, নিটিং ও বয়ন প্রযুক্তি, এমব্রয়ডারি, কাটিং ও সেলাই যন্ত্র, ওয়াশিং ও ড্রাই ক্লিনিং সিস্টেমসহ শিল্পের প্রায় সব ধাপের প্রযুক্তি প্রদর্শিত হবে।
আয়োজকদের আশা, এই আয়োজন শুধু একটি প্রদর্শনীতেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি দেশের গার্মেন্টস খাতে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি আরও মজবুত করবে।